Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গুজরাটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হল। গতকাল রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে অভিযোগ দায়ের হয়। গুজরাতি সম্প্রদায়ের মানুষের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। এক্স হ্যান্ডলে গুজরাতি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তাঁর বিরুদ্ধে। (Abhishek Banerjee)
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামের এক ব্যক্তি। লিখিতে অভিযোগে বলা হয়েছে, গত ২ মে, বিধানসভা নির্বাচনের প্রচারের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক, যাতে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি ‘গ্যাং’ শব্দটি ব্যবহার করেন। অর্ণবকান্তির অভিযোগ, গুজরাতি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন অভিষেক। যে ভাষা প্রয়োগ করেছেন তিনি, তাতে সামাজিক অশান্তি হতে পারে, অভিষেকের মন্তব্য উস্কানিমূলক বলেও অভিযোগ করেছেন তিনি। (TMC News)
অর্ণবকান্তি নিজেও ভবানীপুরের বাসিন্দা। বুধবার বিকেলে দু’পাতার অভিযোগ জমা দেন তিনি। সেই অভিযোগপত্র গৃহীত হয়েছে থানায়। অভিযোগপত্রটির রিসিভিং সাইনও দেওয়া হয়েছে অভিযোগকারীকে। এর আগে অভিষেকের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। এবার দ্বিতীয় অভিযোগ দায়ের হল, তাও আবার কলকাতার ভবানীপুর থানায়।
অভিষেকের যে পোস্ট ঘিরে এই অভিযোগ, সেটি গত ২ মে-র। ফলতায় পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের সেই ঘোষণা নিয়ে কটাক্ষ করেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ‘ডায়মন্ড হারবার মডেল চুরমার’। মালব্যর ওই পোস্টটি শেয়ার করে অভিষেক পাল্টা লেখেন, ‘বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার দশ জন্মেও ডায়মন্ড হারবার মডেলের গায়ে টোল ফেলতে পারবে না’। যা আছে নিয়ে এসো। আমি ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি, ফলতায় আসুন। মহা শক্তিমান গডফাদারদের পাঠান দিল্লি থেকে। সাহস থাকলে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন’।
এর আগে অমিত শাহকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় হাইকোর্টে ভর্ৎসিত হন অভিষেক। তাঁকে রক্ষাকবচ দেওয়া হলেও, বিচারপপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য ছিল, “একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন, ভোটের ফল অন্যরকম হলে কী হত?” অভিষেকের ভার্চুয়াল হাজিরার আর্জিও খারিজ হয়ে যায়। আদালত জানায়, পুলিশ ডাকলে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের অনুমতি ছাড়া বিদেশও যেতে পারবেন না।
